শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
গণপ্রজাতন্ত্রী চীনে সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দলকে এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার (২২ মে) সন্ধ্যায় সাংহাইয়ের একটি স্থানীয় অভিজাত হোটেলে চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই অরাজনৈতিক ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুদূর প্রবাসে দেশের শীর্ষ ছাত্র নেতৃত্বের এমন পদচারণায় পুরো প্রবাসী কমিউনিটির মাঝে এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান
সংবর্ধনা অনুষ্ঠানে সাংহাই ও এর পার্শ্ববর্তী বিভিন্ন শহরে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক, পেশাজীবী, ব্যবসায়ী এবং চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ডাকসু প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ডাকসু প্রতিনিধি দলকে বিশেষ ক্রেস্ট, স্মারক উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন— মো. রেদওয়ানুল হক, মো. হুজ্জাতুল্লাহ, মো. মিল্টন, আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম শাওন, মো. মুহাইমিনুল ইসলাম, এ বি সিদ্দিক প্রমূখ।
সপ্তাহব্যাপী চীন সফর ও অভিজ্ঞতা বিনিময়
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এই প্রাতিষ্ঠানিক সফরকালে ডাকসু প্রতিনিধিদলটি চীনের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। এর পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ঐতিহাসিক স্থানও ঘুরে দেখছেন তারা।
যুবসম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত
সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক যোগাযোগ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌহার্দ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধুত্বের আবহে আয়োজিত এ অনুষ্ঠান চীন ও বাংলাদেশের মধ্যকার শিক্ষা, যুবসম্পর্ক এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়কে আগামী দিনে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।