শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাইনচ্যুত বগির কারণে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সিল্ক সিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনও আটকা পড়েছে। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান জানান, পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আনার জন্য ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরানোর পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেনটি ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রেলপথ দ্রুত সচল করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।