বন্যার কারণে ৫ জেলায় শনিবারের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     10-07-2026    161
বন্যার কারণে ৫ জেলায় শনিবারের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে দেশের পাঁচটি জেলায় শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া জেলাগুলো হলো— চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫), মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে শনিবারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে দেশের অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পাঁচ জেলা ছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও সমমানের সব পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ২ জুলাই। এবার প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ পর্যন্ত চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় ইতোমধ্যে একটি পরীক্ষা স্থগিত হয়েছিল। শনিবারের পরীক্ষাও স্থগিত হওয়ায় এসব জেলায় এখন পর্যন্ত তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়-এর আরও খবর