ভারী বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

যোগাযোগ ব্যবস্থায় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে

  বিশেষ প্রতিনিধি    07-07-2026    146
ভারী বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা বৃষ্টির কারণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বিবেচনায় জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, অব্যাহত বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট প্রশাসন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। আবহাওয়ার উন্নতি এবং ঝুঁকি কমে এলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সারাদেশ-এর আরও খবর