তিন বিভাগে বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

  বিশেষ প্রতিনিধি    07-07-2026    140
তিন বিভাগে বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় কয়েকটি জেলার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল প্রায় স্থিতিশীল রয়েছে। অন্যদিকে যমুনা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন পানি কিছুটা কমলেও পরবর্তী তিন দিনে আবারও বাড়তে পারে। তবে এই সময়েও যমুনার পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীর পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল প্রায় অপরিবর্তিত রয়েছে। আগামী তিন দিন এ অবস্থা বজায় থাকতে পারে। এরপর দুই দিন পানি কিছুটা বাড়লেও তা বিপদসীমার নিচেই থাকবে বলে জানিয়েছে পাউবো।

সুরমা-কুশিয়ারা (আপার মেঘনা) অববাহিকা উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। তবে আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে আবারও পানি বাড়তে পারে।

চট্টগ্রাম বিভাগে বন্যার আশঙ্কা বেশি গত ২৪ ঘণ্টায় গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী তিন দিনে এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কয়েকটি এলাকায় এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগেও সতর্কতা গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই, খোয়াই ও কংস নদীর পানির সমতল কিছুটা কমেছে। তবে সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন একই অবস্থা বজায় থাকলেও পরবর্তী দুই দিনে এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগের পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল কিছুটা কমেছে। আগামী এক দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এরপর পরবর্তী দুই দিনে এসব নদীর পানিও আবার বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। তাই সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয়-এর আরও খবর